গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ।
তিনি জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি টায়ার বাস্ট হয়। তখন অতিরিক্ত গতি থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে পাঠায়।
শিপলু আহমেদ আরও জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি, তবে বাসের হেলপার নিখোঁজ রয়েছে। খাল থেকে বাসটি উদ্ধারের পর জানা যাবে কেউ মারা গেছে কিনা। উদ্ধারকাজ চলমান রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ঐ কর্মকর্তা।