বিদ্যুৎ সংকট ও তীব্র লোডশেডিংয়ের কারণে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় চিকিৎসকরা মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করে রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এর আগে কয়েক সপ্তাহ ধরেই এলাকায় চলছিল তীব্র লোডশেডিং, যা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে কোনো জেনারেটর নেই। আইপিএস থাকলেও তা প্রায়ই বিকল থাকে এবং বর্তমানে সম্পূর্ণ অচল। ফলে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়।
মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড অন্ধকারে ঢেকে যায়। এ সময় চিকিৎসকরা নিজেদের মোবাইলের আলো জ্বালিয়ে রোগীদের চিকিৎসা দেন। ক্ষত পরীক্ষা, ড্রেসিংসহ প্রয়োজনীয় সেবাও সম্পন্ন করা হয় একইভাবে। এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্র লেখার কাজেও মোবাইলের আলো ব্যবহার করতে হয়েছে