বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

রাজশাহীতে আইনগত সহায়তা দিবসে নানা কর্মসূচি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

​সরকারি খরচে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ডিসি অফিস মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, সরকারি কর্মকর্তা ও সুবিধাভোগীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিশু ও দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।

​সভায় রাজশাহী জেলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. শরিফুল ইসলাম খান। তার দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে জেলাটিতে ৭০১টি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) আবেদনের মধ্যে ৬২১টি নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ২৬ এপ্রিল পর্যন্ত আরও ৪৫ লাখ ২৩ হাজার ৬৫১ টাকা আদায় করে দেওয়া হয়েছে।

​সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান বলেন, দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে। মামলার জট নিরসনে আপোষ-মীমাংসাভিত্তিক এডিআর কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এই কার্যক্রম আরও সম্প্রসারণে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

​অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট নীলিমা বিশ্বাস ও অ্যাডভোকেট আদীব ইমাম ডালিমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102