শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নিকন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমা ‘আনসিন’ এর জয়জয়কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা ‘নিকন চলচ্চিত্র উৎসব’-এর ১৬তম আসরে নজর কেড়েছে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের চলচ্চিত্র ‘আনসিন’। প্রায় ৬ হাজার চলচ্চিত্রের সঙ্গে লড়াই করে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে এটি উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে।

ফ্রান্সের মর্যাদাপূর্ণ নিকন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে নির্মাতা সৈয়দ সাহিলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনসিন’। উৎসবের ১৬তম আসরে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে এটি ‘অফিসিয়াল সিলেকশন’ পাওয়ার গৌরব অর্জন করেছে।

এবারের আসরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া বিশাল সংখ্যক চলচ্চিত্রের মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে ২ হাজার ৫১১টি সিনেমার শর্টলিস্টে স্থান পায় ‘আনসিন’। পরবর্তীতে দর্শক ভোটের জন্য উন্মুক্ত করা হলে অভাবনীয় সমর্থন পায় চলচ্চিত্রটি। ১ হাজার ১৫৮টি শর্ট ফিল্মের মধ্যে জনপ্রিয়তায় দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করে এটি।

এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি’ বা সৌন্দর্য। নির্মাতা সাহিল তার চলচ্চিত্রে প্রচলিত দৃশ্যমান সৌন্দর্যের প্রথা ভেঙে মানবিক আবেগ, গভীর অনুভূতি এবং সমাজের উপেক্ষা করা বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। নির্মাতার ভাষ্যে, “আমরা সচরাচর যা দেখি তার বাইরেও একধরণের সৌন্দর্য আছে। ‘আনসিন’-এর মাধ্যমে আমি সেই অদৃশ্য অনুভূতি এবং মানুষদের খুঁজে বের করার চেষ্টা করেছি, যাদের আমরা সচরাচর উপেক্ষা করি।”

পুরো চলচ্চিত্রটি প্যারিসে নির্মিত হয়েছে। সিনেমার ভাষা ফরাসি হলেও আন্তর্জাতিক দর্শকদের বোঝার সুবিধার্থে এতে ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে। সাবরিনা ইসলামের প্রযোজনায় এতে অভিনয় করেছেন ফরাসি শিল্পী জঁ-লুক জ্যাকো, জুলিয়েট পিরোত্তে ও এলিজাবেথ সেলেম। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা ইমতিয়াজ রনি।

নিকন উৎসবে সাফল্যের পর ‘আনসিন’ বর্তমানে ইউরোপের আরও বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার জন্য জমা দেওয়া হয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নির্মাতার এমন সাফল্য সংস্কৃতি কর্মীদের অনুপ্রাণিত করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102