বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিল চাচা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বিথী আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তার চাচাতো চাচা নজরুল ইসলাম (৩৩) ও রাহাতকে (১৮)

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিথী ওই গ্রামের বাসিন্দা মো. বাদল হাওলাদারের মেয়ে এবং তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, বিথীর বাবা বাদল হাওলাদারের সঙ্গে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে নজরুল ইসলাম ও রাহাতের বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে কথা বলতে গেলে বিথীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। একপর্যায়ে নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়।

এতে তার ডান হাতে গুরুতর আঘাত লাগে এবং হাত ভেঙে যায়। পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় বিথীকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে এবং একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে আহত পরীক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102