ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এই আদেশ জারি করেন।
তিনি বলেন, স্থানীয় বিএনপির দুই পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তা বলবৎ থাকবে।
তারাকান্দা থানার ওসি তানভীর আহমেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহর অনুসারীদের সঙ্গে বিএনপির দলীয় পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের মধ্যে নানা ইস্যুতে বিরোধ চলছিল।
বিরোধের জের ধরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয় যুবদলের রিয়াদ নামের এক নেতা ১১-দলীয় জোট সমর্থক এমপির পক্ষ নিয়ে তর্কে জড়ান। তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটলে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিলের অনুসারী যুবদল নেতা রিয়াদ আহত হন।
মূলত ওই ঘটনার প্রতিবাদে আজ তারাকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে শাকিলের অনুসারীরা। এ খবরে মোতাহার হোসেনের সমর্থকরা পাল্টা কর্মসূচি ঘোষণা করায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
সূত্র জানায়, বিবদমান দুই পক্ষের একটি অংশ বিগত সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেয়। এসব কারণে অল্প ভোটের ব্যবধানে আসনটি হারায় বিএনপি। তাই নির্বাচনের পর থেকে স্থানীয় বিএনপির মধ্যে ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছিল।