গাজীপুর সদর উপজেলার ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন। অভিযান চলাকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক জানান, তথ্যের ভিত্তিতে ভাওয়াল রিসোর্টে অভিযান চালানো হয়। মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে।