বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

তথ্য জানতে গিয়ে তালাবদ্ধ সাংবাদিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে খারিজসংক্রান্ত ঘুষের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে ভূমি অফিসের কক্ষে তালাবদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নবীনগর উপজেলা সদর ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর তারা মুক্ত হন।

অভিযোগ উঠেছে, সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মো. সামসুদ্দোহা ও তার সহযোগীরা স্থানীয় তিন সাংবাদিক—বাংলা টিভির উপজেলা প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রীণ টিভির মমিনুল হক রুবেল এবং ‘বাংলাদেশের আলো’ পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহকে অফিস কক্ষে তালাবদ্ধ করে রেখে বেরিয়ে যান।

সাংবাদিকদের দাবি, নবীনগর বাজারের এক ব্যবসায়ীর জমির খারিজ করতে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছে—এমন অভিযোগের সত্যতা যাচাই করতে তারা ভূমি অফিসে যান। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাদের একজনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং পরে সবাইকে কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় ওই সময় সেবা নিতে আসা আরও কয়েকজন সাধারণ মানুষও ভেতরে আটকা পড়েন।

ভুক্তভোগী সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ বলেন, ‘আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে।’

অভিযুক্ত সহকারী ভূমি কর্মকর্তা মো. সামসুদ্দোহা এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলি না’ বলে ফোন কেটে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের মুক্ত করা হয়েছে। বিষয়টি দুঃখজনক। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির বলেন, ‘নবীনগরের ইতিহাসে সাংবাদিকদের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি।’

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102