চট্টগ্রামের আনোয়ারায় অনলাইন গেম ফ্রি ফায়ার খেলতে মোবাইল এমবির টাকা না পেয়ে মাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ছেলের হাতে থাকা একটি দা কেড়ে নিতে গেলে মায়ের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই কিশোর মায়ের ওপর হাত তোলে। এমনকি টাকা দেওয়ার সম্মতি দিলেও ছেলের আচরণ শান্ত হয়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। মন্তব্যের ঘরে অনেকেই অভিযুক্ত জাবেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সচেতন মহল এই ঘটনাকে যুবসমাজের মাদক ও অনলাইন গেম আসক্তির ভয়াবহ পরিণতি হিসেবে উল্লেখ করছেন।
সরেজমিন জানা যায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের কালা গাজীর বাড়ির মৃত এয়াকুবের ছেলে মো. জাবেদুল ইসলাম (১৭) এই ঘটনার সঙ্গে জড়িত। প্রায় ছয় বছর আগে বাবার মৃত্যুর পর মা মরিয়ম বেগম দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ দীর্ঘদিন ধরে ফ্রি ফায়ার গেমে আসক্ত। গেম খেলতে এমবির টাকার জন্য প্রায়ই মা ও বোনের সঙ্গে দুর্ব্যবহার করত। সর্বশেষ বুধবার বিকেলে এমবি কেনার টাকা নিয়ে বোনের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সে ঘরে থাকা দা দিয়ে তাণ্ডব চালানোর চেষ্টা করে। মা বাধা দিলে তাকেও মারধর করে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, জাবেদকে বহুবার শাসন করা হলেও কিছুদিন ভালো থাকার পর আবারও আগের মতো উচ্ছৃঙ্খল আচরণে ফিরে যায়।
ভুক্তভোগী মা মরিয়ম বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। আত্মীয়-স্বজনের সহায়তায় কোনোমতে দিন চলে। কিন্তু একমাত্র ছেলে কোনো কাজকর্ম না করে উল্টো গেমের টাকার জন্য মা ও বোনকে মারধর করে। এতে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে গেমে আসক্তিকেই এই ঘটনার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।