সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে মাও. মো. আব্দুল কাদের গাজী নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নং ইসলামপুর দারুল উলুম হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হেফজ বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করে বলেন, ঘটনার দিন আছরের নামাজ পড়তে মসজিদে গেলে ওই শিক্ষক তাকে রাতে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে মাদ্রাসায় থাকতে বলেন। মাদ্রাসা বন্ধ রয়েছে জানিয়ে শিক্ষার্থী প্রথমে থাকতে অনীহা প্রকাশ করলেও পরে শিক্ষকের কথায় সেখানে থেকে যায়।

অভিযোগ অনুযায়ী, রাতে বিরিয়ানি খাওয়ার পর বোর্ডিং রুমে ঘুমাতে গেলে ওই শিক্ষক তাকে যৌন হয়রানির চেষ্টা করেন। বারবার বাধা দিলেও শিক্ষক থামেননি বলে অভিযোগ করে ওই শিক্ষার্থী।

পরে সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মাও. মো. আব্দুল কাদের গাজী পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগীর মা বলেন, মাদ্রাসার সহকারী পরিচালক তার ছেলের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেছেন। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ প্রতিষ্ঠানে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছে, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে অভিযুক্তরা পার পেয়ে গেছে বলে দাবি তাদের। এদিকে ঘটনার পরদিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

১০নং ইসলামপুর দারুল উলুম হেফজখানা ও এতিমখানার পরিচালক মাও. আক্তারুজ্জামান ফারুকী বলেন, কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিযুক্ত শিক্ষককে চার দিনের মধ্যে হাজির হওয়ার সময় দিয়েছেন।

তিনি আরও বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। তবে তিনি বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শাহেদ উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102