নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।
সভায় বক্তব্য রাখেন: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুল হক চৌধুরী মনি, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদ্দুজ্জামান অনুজ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র দেব, নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিক মিয়া, মহিলাবিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাকারিয়া, সমাজসেবা কর্মকর্তা বিদ্যুৎ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া বলেন, ২৫ মার্চের গণহত্যা মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায়, তা ছিল একটি জাতির কণ্ঠরোধের অপচেষ্টা এবং স্বাধীনতার চেতনার ওপর নির্মম আঘাত।
তিনি আরও বলেন, এই দিবস শুধু শোকের নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রেরণার উৎস। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারে।
সভায় অন্যান্য বক্তারাও ২৫ মার্চের ভয়াবহতার স্মৃতিচারণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।