নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রতি বছরের চৈত্রমাসের শুক্লাষ্টমী তিথিতে পাপ মোচনের আশায় দেশ-বিদেশের লক্ষ পুণ্যার্থী ব্রহ্মপুত্র নদে স্নান করতে আসেন। এ বছর বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টা ১৭ মিনিটে স্নান শুরু হবে এবং বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৫৯ মিনিটে শেষ হবে।
৩ কিলোমিটার জুড়ে লাঙ্গলবন্দের ২৪ ঘাটে একযোগে স্নান অনুষ্ঠিত হবে।
মহাঅষ্টমী স্নান উপলক্ষে লাঙ্গলবন্দের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসক, ডিসি-এসপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিসহ অন্যরা।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মুছাপুর ইউনিয়নে অবস্থিত লাঙ্গলবন্দের বিভিন্ন স্নানঘাট পরিদর্শন করেন রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তারা ও হিন্দু সম্প্রদায়ের নেতারা।
পরিদর্শনকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি বলেন, ‘এ পুণ্যস্থানে প্রতি বছরের ন্যায় এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই শিফটে প্রায় ১১০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ট্রাফিক ব্যবস্থাপনায় আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আনসার সদস্যরাও সহযোগিতা করবেন। পাশাপাশি কেউ যাতে স্নান করতে গিয়ে ডুবে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হন, সে জন্য নৌ-পুলিশও মোতায়েন থাকবে।’