চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, চসিকের অধীনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এ অর্থ বিতরণ করা হবে। ঈদ উপলক্ষে প্রত্যেক কর্মীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্যও একইভাবে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এ সহায়তা দেওয়া হয়েছে। শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।