জ্বালানি তেলের দাম বাড়ার গুঞ্জনকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে তেল বিক্রি বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এতে করে সাধারণ ক্রেতা, মোটরসাইকেল চালক, পরিবহন শ্রমিক ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার কয়েকটি ফিলিং স্টেশন ও খুচরা তেল বিক্রয়কেন্দ্রে ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ সীমিত করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও তেল শেষ বা নতুন দামে তেল আসবে এমন অজুহাত দেখিয়ে বিক্রি বন্ধ রাখার ঘটনাও ঘটছে। ফলে তেল নিতে এসে অনেকেই খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
ভুক্তভোগী কয়েকজন মোটরসাইকেল চালক জানান, তারা তেল নিতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। অনেক পাম্পে তেল নেই বলে জানানো হচ্ছে। এতে করে দূরের অন্য পাম্পে গিয়ে তেল নিতে হচ্ছে, যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয় পরিবহন শ্রমিক ও কৃষকরাও একই অভিযোগ করেন। তাদের দাবি, বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে।
বর্তমানে সরকার নির্ধারিত দামে ডিজেল লিটার প্রতি ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা ও কেরোসিন ১১২ টাকা দরে বিক্রি হওয়ার কথা।
সচেতন মহলের অভিযোগ, নির্ধারিত দামে তেল বিক্রি না করে বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে সাধারণ মানুষকে বাড়তি দুর্ভোগে পড়তে হবে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, বাজারে নজরদারি বাড়ানো না হলে সাধারণ মানুষকে আরও বেশি দুর্ভোগ পোহাতে হতে পারে।