ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে ফাল্গুনের মাঝামাঝি হঠাৎ ঘন কুয়াশার কারণে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে দুই প্রান্তের বেশ কয়েকটি ফেরি ঘাটে নোঙর করা হয়েছিল
যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সাময়িকভাবে যাত্রীরা দুর্ভোগে পড়েছিলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তাপু বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। মোট ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।