রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ ৪০০ কেজি গরুর মাংস মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন। পরে গরুর মাংস মাটি চাপা দেওয়া হয়।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের পৌর মার্কেটের মাংস ব্যবসায়ী আলী আকবর গাজীর দোকানে অভিযান চালিয়ে জরিমানা ও গরুর মাংস মাটি চাপা দেওয়ার নির্দেশ দেন ওই কর্মকর্তা। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেনও কোটালীপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী অসুস্থ ও মরণাপন্ন গরুর মাংস বিক্রি করে লাভবান হচ্ছেন। পাশাপাশি মাংস ক্রেতারা প্রতারিত হয়ে আসছিলেন।

গরু মার্কেটে এনে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়ে পৌর সভার তদারকি কর্মকর্তার সামনে জবাই করার কথা রয়েছে। কিন্তু মাংস ব্যবসায়ীরা বাহির থেকে গরু জবাই করে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই মার্কেটে মাংস বিক্রি করতে নিয়ে আসেন। স্থানীয়রা জানিয়েছেন বিষয়টিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি দেওয়া প্রয়োজন।

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন বলেন, বুধবার একটি গরু কীটনাশক মিশ্রিত মাঠের ঘাস ও লতাপাতা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। মরণাপন্ন ওই গরু তড়িঘড়ি করে জবাই করা হয়। সেই মাংস ব্যবসায়ী আলী আকবর গাজী তার ফ্রিজে মজুদ করে রাখেন।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) কাছে স্থানীয়রা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ওই কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন। গরু জবাই করার আগে আমাদের দপ্তর থেকে সার্টিফিকেট নেওয়ার বিধান রয়েছে। তিনি এটি নেননি। এছাড়া ফ্রিজে গরুর মাংস, চামড়া, ভুড়ি ও পা একসঙ্গে সংরক্ষণ করেছেন। এটি স্বাস্থ্যসম্মত নয়। তাই এসব অপরাধে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ৪০০ কেজি গরুর মাংস মাটি চাপা দেওয়ার নির্দেশন দেন। পরে রাতে ওই গরুর মাংস মাটি চাপা দেওয়া হয়।

অসুস্থ, মরণাপন্ন বা রোগাক্রান্ত গরু জবাই বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102