শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

ইভটিজিংয়ে বাধা, সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। বৃহস্পতিবার রাতে মারামারির ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া মহল্লায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকরা।

হামলার পর দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেঁধে যায়। এতে রশিদপুর উত্তরপাড়া গ্রামের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃত শাহ আলমের ছেলে সজীব হোসেনকে গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আলমের নিহতের ঘটনা জানার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমরা জেনেছি। এখনো কোনো পক্ষ মামলা করেনি। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102