কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্ট একটি মামলায় জামিন দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে বদি গ্রেপ্তার হন। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচিত হন। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। তিনি দুই দফায়ই সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় ‘মাদকের গডফাদার’ হিসেবে বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম উল্লেখ রয়েছে।