চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে জামায়াতে ইসলামীর ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুদলের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর একে অপরকে দুষছেন তারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষকদলের সদস্য মঞ্জুর আলম, ছাত্রদল নেতা মো. ইমনসহ ৮ জন আহত হয় বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। অপরদিকে জামায়াত নেতা আলমগীর, এনাম ও মামুনসহ ৮-১০ আহত হয় বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়।
ঘটনায় জামায়াতকে অভিযুক্ত করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ফারুক হোসেন জানান, ‘নির্বাচনের দিন হিন্দুপাড়ার ভোটার নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সাথে বাগবিতণ্ডায় হয়। এ ঘটনার রেশ ধরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দৌলতপুর জামে মসজিদে নামাজ পড়তে গেলে জামায়াতের যুব সংগঠনের সেক্রেটারির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়।
এদিকে কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমির মনির আবছার চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপি ও মাদক ব্যবসায়ী কর্তৃক জামায়াত কর্মীদের বাড়িতে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য জামায়াতের নেতাকর্মীরা ফাজিল খার হাট বাজারে আসলে স্বেচ্ছাসেবক দল নেতা টিটুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয় এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়।
কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম বলেন, এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।