শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে যানজট নিরসনে পুলিশের সঙ্গে কাজ করবেন ১৫০ স্বেচ্ছাসেবী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের অসহনীয় যানজট এখন নিত্যদিনের ঘটনা। এ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরবাসীকে। পবিত্র রমজান মাসে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট কমাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। পুলিশ প্রশাসনকে সহায়তা করতে এ উদ্যোগে এগিয়ে এসেছে সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে স্বেচ্ছাসেবীদের পোশাক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘প্রতি বছরের মতো এবারও পুরো রমজান মাসে যানজটমুক্ত সুন্দর একটি নারায়ণগঞ্জ উপহার দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সমন্বয়ে ১৫০ জন স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন। স্বেচ্ছাসেবকরা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি—এই তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ পুরো ট্রাফিক নিয়ন্ত্রণে নেবে। আশা করছি, রমজানে মানুষের মধ্যে যে শৃঙ্খলা তৈরি হবে, সেটি সারা বছর বজায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসন সবার সমন্বয়ে কাজ করছে। রমজানসহ সারা বছর ট্রাফিক ব্যবস্থার উন্নতি দেখতে পাবেন নগরবাসী। অবৈধ স্ট্যান্ড, পার্কিং ও ফুটপাত দখল করে দোকান বসানো যাবে না বলেও জানান তিনি।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক সোহেল আক্তার সোহান, আহমেদুর রহমান তনু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102