বান্দরবানের চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন শিবাতলী এলাকায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে রহিমা বেগমের গলাকাটা মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেজো ছেলে আব্দুর রহমানের বড় বউ এই ঘটনা ঘটিয়ে বলে ধারণা করছেন তিনি।
এ বিষয়ে আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মেজো ছেলের প্রথম স্ত্রী ইয়াসমিন আক্তার দা দিয়ে রহিমা বেগমকে গলা কেটে হত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও জানান, সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে ইয়াসমিন আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।