রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ছাদে বাগান করে স্বাবলম্বী সেলিম মোল্লা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

মাদারীপুরের শিবচর উপজেলাজুড়ে বইছে বসন্তের আমেজ। ঋতুর এই মনোরম সময়ে চারদিকে দেখা মিলছে আম গাছের মুকুল। বিশেষ করে উপজেলার যাদুয়ার চর গ্রামে আমের মুকুলের বাহারি সৌন্দর্য প্রকৃতিকে দিয়েছে ভিন্নমাত্রা।

ব্যতিক্রমী উদ্যোগে যাদুয়ার চর গ্রামের বাসিন্দা সেলিম মোল্লা নিজের বাড়ির ছাদে গড়ে তুলেছেন একটি দৃষ্টিনন্দন আমের বাগান। সীমিত জায়গাকে কাজে লাগিয়ে ছাদেই তিনি রোপণ করেছেন দেশি-বিদেশি নানা জাতের আম গাছ। তার ছাদ বাগানে মোট ৪৫টি আম গাছের চারা রোপণ করা হয়েছে। বর্তমানে গাছগুলোতে একে একে মুকুল আসছে, যা বাগানটিকে করে তুলেছে আরও মনোমুগ্ধকর।

সেলিম মোল্লা বলেন, ‘শখ থেকেই ছাদে বাগান শুরু করেছিলাম। এখন এটি আমার জন্য একটি সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমার ছাদে মোট ৪৫টি আম গাছের চারা রয়েছে। হাড়িভাঙ্গা, ল্যাংড়া, ফজলি, কাটামনসহ বিভিন্ন জাতের আম গাছ আছে। এ ছাড়াও ১০ থেকে ১৫ রকমের পাহাড়ি ও বিদেশি আমের চারা রোপণ করেছি। এ বছর গাছে প্রচুর মুকুল এসেছে, আশা করছি গত বছরের মতো ভালো ফলন হবে।’

স্থানীয়দের মতে, ছাদে এমন ফলদ বাগান এলাকায় আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই সেলিম মোল্লার উদ্যোগ দেখে অনুপ্রাণিত হচ্ছেন।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান খান বলেন, ছাদে বাগান বর্তমান সময়ে একটি অত্যন্ত সম্ভাবনাময় উদ্যোগ। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা থাকলে ছাদেও ভালো ফলন পাওয়া সম্ভব। সেলিম মোল্লার মতো উদ্যোগী ব্যক্তিরা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগকে পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়ে থাকি।

আমের মুকুলের সুবাসে এখন সেলিম মোল্লার ছাদ বাগান যেন এক টুকরো প্রকৃতি। তার এই ব্যতিক্রমী উদ্যোগ প্রমাণ করে— ইচ্ছা থাকলে সীমিত জায়গাতেও লেখা যায় সফলতার গল্প।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102