বগুড়া-৪ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে যুবদল নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ পাঁচজন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুদফা হামলায় মাথা ফেটে গুরুতর আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নেতারা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফিলিং স্টেশন এলাকার বিএনপি অফিসের পাশে যুবদল নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে কাথম কোয়ালিটি ফিডস ট্রান্সপোর্ট চালান অফিসে হামলা হয়। মারপিট করে অফিস দখলে নেয় একদল বহিরাগত যুবক। উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
আহতরা হলেন: ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ট্রান্সপোর্ট অফিসের সেক্রেটারি রবিউল ইসলাম, বিশা গ্রামের আতিকুল ইসলাম রাসেল, নয়ন আলী এবং নিজামতকুড়ি এলাকার সাইদুল ইসলাম। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া কোয়ালিটি ফিডস ট্রান্সপোর্ট অফিসের ক্যাশিয়ার আনোয়ার হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যুবদলের অভিযোগ, নন্দীগ্রাম দামগাড়া বাবুপাড়ার একাধিক ডাকাতি মামলার আসামি মুক্তার হোসেন ও মাদক কারবারি উজ্জলের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত যুবক হামলা চালিয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রান্সপোর্ট চালান অফিসে হামলা করে ক্যাশিয়ার আনোয়ার হোসেনকে মারপিট করে। মাসিক চাঁদা দাবি করে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। খবর পেয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি যুবদল নেতা রবিউল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকেও মারপিট করে। ঘটনার একঘণ্টা পর নন্দীগ্রামে বিএনপি অফিসের পাশে আবারও হামলার শিকার হয় যুবদল নেতাকর্মী।
স্থানীয়রা জানান, বগুড়া-৪ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যায় ভাটগ্রাম ইউনিয়ন যুবদল। ফিলিং স্টেশনসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের পাশে হিন্দুপাড়া রাস্তা এলাকায় চা খাওয়ার সময় যুবদল নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। সরকারি নম্বরে একাধিকবার কল দিলেও নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান রিসিভ করেননি। ঘটনার বিস্তারিত বলতে পারেননি উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) সাইফুল ইসলাম।
বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক আবুল কাশেম জানান, আহত কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে বিস্তারিত জানা যায়নি।