ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়ন থেকেই বিজয়ী হয়েছেন দুইজন সংসদ সদস্য।
বিজয়ীরা হলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তারা দুইজনই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। ফলাফল ঘোষণার পর পুরো ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছে।
তাদের মধ্যে ওয়াহাব আকন্দ হচ্ছেন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের আব্দুল মোতালেব আকন্দের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সপরিবারে ময়মনসিংহ শহরে বসবাস করেন। তিনি ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
আওয়ামী লীগ সরকারের সময় হামলা-মামলা ছাড়াও কারাগারে গেছেন বেশ কয়েকবার। তিনি ময়মনসিংহে একজন আলোচিত নেতা। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে বাজিমাত করেছেন।
অন্যদিকে ইয়াসের খান চৌধুরী হচ্ছেন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের সাবেক এমপি আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে।
তিনি একজন তথ্য-প্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডনের তথ্য-প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিদেশে থেকেও তিনি ছিলেন বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রথমবারে মতো বিএনপির মনোনয়ন পেয়ে তিনিও বাজিমাত করেছেন।
জানতে চাইলে ওয়াহাব আকন্দের বড় ভাই আব্দুল আউয়াল আকন্দ জানান, তার ছোট ভাই ময়মনসিংহ জেলা শহরে বসবাস করার সুবাদে সব সময়েই নিজ এলাকা নান্দাইলের সব জায়গার মানুষদের খোঁজখবরসহ সব ধরনের সহযোগিতা করে আসছেন। এখন এমপি হওয়ায় আরও কিছু করতে পারবেন।
স্থানীয় মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাসিন্দা তরুণ সাংবাদিক মিন্টু মিয়া বলেন, একই ইউনিয়নের দুজন দুই জায়গার এমপি হওয়া আমাদের জন্য বড় পাওয়া। আমরা তাদের নিয়ে গর্বিত।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের এই রাজনৈতিক আধিপত্য নতুন কিছু নয়। সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর আপন চাচা চারবারের নির্বাচিত সংসদ সদস্য খুররম খান চৌধুরী এই ইউনিয়নের বাসিন্দা ছিলেন।