বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীরকান্দী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ভোটকেন্দ্র পরিদর্শনকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন— সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ (৩৮), জয় বেপারী (৩২), মো. ইকবাল (৪০), জুয়েল শেখ (৪৩), আব্দুল জব্বর বেপারী (৫৩)সহ আরও কয়েকজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বিকেলে পূর্ব রাখীরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ (ফুটবল প্রতীক)-এর সমর্থকরা।

এ সময় বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকরা কথা কাটাকাটির একপর্যায়ে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মোল্লা ও স্থানীয় বিএনপি নেতা জাকির জমাদ্দারসহ আরও কয়েকজনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ভোটকেন্দ্রে থাকা প্লাস্টিকের চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম জানান, রাজনৈতিক আধিপত্য নিয়ে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102