সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

রাত পোহালেই নির্বাচন, আনোয়ারায় প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। রাত পোহালেই নির্বাচন হলেও মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম তেমন চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে।

সরেজমিন আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ বাজার ও দোকানপাট স্বাভাবিক সময়ের মতোই খোলা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারির যে প্রত্যাশা ছিল, তা বাস্তবে অনুপস্থিত বলেই মনে করছেন স্থানীয়রা। অনিবন্ধিত মোটরসাইকেলের অবাধ চলাচলও লক্ষ করা গেছে, যা নির্বাচনি সময়ে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সচেতন মহল।

এ ছাড়া বিভিন্ন এলাকায় এখনো প্রার্থীদের সমর্থকদের সরাসরি ভোট প্রার্থনা করতে দেখা যাচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এতে ভোটারদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসন আদৌ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে কি না।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের মাঝে মধ্যে সড়কে টহল দিতে দেখা গেলেও তা অনেকটাই রুটিন কার্যক্রমের মতো বলে মনে করছেন স্থানীয়রা। কোথাও স্থায়ী চেকপোস্ট, যানবাহন তল্লাশি কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের দৃশ্য চোখে পড়েনি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর প্রস্তুতি নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে।

একাধিক ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ায় শেষ মুহূর্তে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই প্রশাসনের আরও দৃশ্যমান ও কঠোর ভূমিকা প্রয়োজন বলে তারা মনে করেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, দিনের মধ্যে তো চেকপোস্ট ছিল সেনাবাহিনী কাজ করেছে, আমি এখন খবর নিচ্ছি।

তবে সচেতন মহলের প্রত্যাশা, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেবে এবং ভোটারদের নিরাপদ ও নির্ভয় পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে।

এখন দেখার বিষয়, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কি প্রশাসনের তৎপরতা বাড়বে, নাকি বিদ্যমান শঙ্কাই বাস্তবে রূপ নেবে। ভোটারদের চোখ এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102