সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিরামপুরে ‘জিলাপির টোকেন’ বিতরণের সময় ৩ জামায়াত কর্মী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

‎দিনাজপুরের বিরামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে ‘জিলাপির টোকেন’ বিতরণের সময় জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের পলাশবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার।

‎স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে আটক ৩ জন বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী এলাকায় প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করেন।

‎খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জিলাপির বেশ কিছু টোকেনসহ তিনজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন।

‎আটকৃতরা হলেন পৌর শহরের কলেজ বাজার চাঁদপুর এলাকার মৃত তাফাজ উদ্দীনের ছেলে মুকুল সরকার, উপজেলা পরিষদের পূর্ব পাশের মহল্লার মৃত লালু ব্যাপারীর ছেলে শামসুল হক ও শিমুলতলী গড়েরপাড় এলাকার মৃত ফজর উদ্দিনের ছেলে আব্দুল জলিল।

‎ওসি জানান, সন্ধ্যার দিকে জামায়াতের তিন কর্মী ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোকেনসহ তাদের আটক করেন।

‎আটক ব্যক্তিরা বর্তমানে বিরামপুর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102