ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ১৩৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১১টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। লাকসাম ও মনোহরগঞ্জ থানার ওসি পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করেছেন।
লাকসাম থানার ওসি মাকসুদ আহাম্মদ জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনের লাকসাম উপজেলায় মোট ৬৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি গুরুত্বপূর্ণ এবং ১২টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তবে ‘ঝুঁকিপূর্ণ’ শব্দ ব্যবহারে তিনি আপত্তি জানিয়ে বলেন, ঝুঁকিপূর্ণ বলতে কিছু নেই। শব্দগত পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ’ শব্দটি ব্যবহার করা হচ্ছে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, লাকসামের ৬৭টি ভোটকেন্দ্রের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
মনোহরগঞ্জ থানার ওসি শাহিনূর ইসলাম জানান, একই নির্বাচনে মনোহরগঞ্জ উপজেলায় মোট ৬৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ১১টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নাম প্রকাশ করা যাচ্ছে না।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৫৩৫। এর মধ্যে লাকসাম উপজেলায় ভোটার রয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৪২৯ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ২ লাখ ৩০ হাজার ১০৬ জন।
মোট ভোটারের মধ্যে ২ লাখ ৪৭ হাজার ৭৬৫ জন পুরুষ এবং ২ লাখ ৩০ হাজার ৭৬৯ জন নারী ভোটার রয়েছেন। এ ছাড়া এ আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।