কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আজকে আমি আপনার বোন ও মেয়ে, আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনারা আমার বাবাকে যেমন ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা দেখিয়েছেন, ঠিক তেমনি আমি আপনাদের আরও বেশি ভালোবাসা, সম্মান ও সেবা দিতে চাই।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, ‘সালথা-নগরকান্দায় আন্তর্জাতিক মানের হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, গার্লস স্কুল ও চাকরির ব্যবস্থা করা হবে। কৃষক, মা ও বোনদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। মাদ্রাসা ও মসজিদগুলো আধুনিকায়ন করা হবে। কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সমপরিমাণ চাকরির সুযোগ নিশ্চিত করা হবে।’
তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি ভোটে দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়া উচিত। তিনি সালথা উপজেলার মানুষের পাশে সারাজীবন থাকার প্রতিশ্রুতি দেন।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা মিয়া, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।