মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দুর্নীতিমুক্ত সরকার গঠনের টার্নিং পয়েন্ট : ডা. তাহের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে একটি নতুন সরকার গঠিত হবে, যে সরকার হবে গত ৫৬ বছরের দুর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধের সরকার।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘আপনারা কি দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চান? যদি না চান, তাহলে ১১ দলীয় জোটে ভোট দিন। এবারের নির্বাচন যুক্ত ও মুক্ত পক্ষের নির্বাচন। আমরা দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত, আর একটি পক্ষ এসব অপকর্মের সঙ্গে যুক্ত।’

তিনি সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলেন, ‘শুনেছি কেউ কেউ কেন্দ্র দখলের হুমকি দিচ্ছে। আপনারা হুমকিতে ভয় পাবেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতি পাঁচ মিনিট পরপর টহল দেবে। সুতরাং নিশ্চিন্তে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুন। চৌদ্দগ্রামে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না।’

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘৫ আগস্টের পর জামায়াত আপনাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। আশা করি, অতীতের মতো এবারও আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন।’

জনসভায় কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শাকিল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর আবদুস সাত্তার, বর্তমান আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

এ সময় এলডিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা, সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ, জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। জনসভায় বিএনপির কয়েকজন নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102