ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে মেইন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালিব, জেলা জামায়াতের প্রশিক্ষক মাওলানা ওলিউর রহমান, ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ঈসা খাঁ, সরকারি এম ইউ কলেজ শাখার সভাপতি হুসাইন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আরও সুসংগঠিত, গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, মেধা ও মূল্যবোধভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজের নানা অসঙ্গতি দূরীকরণে ছাত্রশিবিরের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।