রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

জামায়াত নেতার মাথার পেছনে, কপালে ও নাকে আঘাতের চিহ্ন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ময়মনসিংহের শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বিএনপি জামায়াতের সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের মাথার পেছনে, কপালে ও নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে এই সুরতহার রিপোর্ট তৈরি করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মা. মাসুদ জামালী। তিনি বলেন, নিহতের মাথার পেছন দিকে থ্যাঁতলানো অবস্থা দেখা গেছে। এ ছাড়া, তার কপাল এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

পরে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মাওলানা রেজাউল করিমের মরদেহ নিয়ে শেরপুরের উদ্দেশে রওনা হয় স্বজনরা।

এ সময় মর্গে উপস্থিত নিহতের ছোট ভাই শ্রীবর্দী মথুরাধি দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুদুর রহমান বলেন, হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ শ্রীবরদী নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বিকেল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং রাত সাড়ে ৮টায় নিজ গ্রাম গোপালখিলা স্কুলের খেলার মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক গোরস্থানে দাফন হবে।

ভাই হত‍্যার বিচার চেয়ে মাসুদুর রহমান বলেন, আমার ভাইকে নৃশংসভাবে হত‍্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি। এ সময় মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলার এজাহার লেখার কাজ চলছে। খুব দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হবে। আমাদের দাবি, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা ও মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রীবরদী উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনি ইশতেহার পাঠের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে বিভিন্ন দলের প্রার্থীরা মঞ্চে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে প্রথমে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এর মধ‍্যে মাওলানা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102