পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগদান করেছেন। বাউফল সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারি মজিবর হাওলাদার ও যুবদল নেতা মিরাজ মুন্সীর নেতৃত্বে তারা জামায়াতে যোগ দেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বাউফল সদর ইউনিয়নের হাকিম আলী মৃধা বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আকবর, ধলু মৃধা, আশিক, ছালাম মৃধা, ছত্তার, আবুল হাওলাদার, ছোহরাব মৃধা, মোশারেফ, সুবাস, মাসুদ প্যাদা, সিদ্দিক মৃধা, নজরুল মৃধা, ইকবাল হোসেন, আরাফাতসহ আরও অনেকে।
এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ জামায়াতে যোগদানকারী নেতাকর্মীদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বক্তব্যে বলেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন এবং আমি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে রাস্তাঘাটের উন্নয়নসহ মাদক ও চাঁদাবাজির শিকড় উপড়ে ফেলব।
উপস্থিত হিন্দু নারী-পুরুষদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এতদিন একটি মার্কায় ভোট দিয়েছেন। এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে দেখুন। আমার মা-বোন যেমন আমার কাছে সম্মানিত, আপনারাও তেমনি সম্মানিত। কেউ আপনাদের হয়রানি বা বিরক্ত করতে পারবে না-ইনশাআল্লাহ।