বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে নতুন করে প্রত্যাশা ও আশার জন্ম হয়েছে। তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ তার নেতৃত্বের ওপর আস্থা রাখছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলছেন।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে ভোটাধিকার হরণ করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের মাধ্যমে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। এবার জনগণ ভোট দিতে চায়। আমরা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছি, মিথ্যা মামলার ভোগান্তি পোহাতে হয়েছে। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ এবার নির্বিঘ্নে ভোট দিতে চায়। সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই।
বর্তমান পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি। মিথ্যা মামলার ভোগান্তি নেই, ধানক্ষেতে রাত কাটাতে হচ্ছে না।
তিনি বলেন, দেশকে এখন সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে সবার আগে দেশে শান্তি ফিরিয়ে আনব।
নিজের রাজনৈতিক জীবনের স্বচ্ছতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের বসতবাড়ির অর্ধেক বিক্রি করেছি। কারও কাছ থেকে উপকারের বিনিময়ে এক কাপ চাও গ্রহণ করিনি।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা প্রতিহিংসা নয়, দেশে পুনরায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চাই।