শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বিশ্বকাপে হুবহু মিলে গেল মেসির যে ভবিষ্যদ্বাণী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

ম্যাচের আগে স্কোরলাইন নিয়ে নানা অনুমান করা হয়। তবে সেই অনুমান হুবহু মিলে গেলে সেটি কাকতালীয় বলেই মনে হয়। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগেই ৩-০ ব্যবধানে জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন লিওনেল মেসি। পরে সেই স্কোরলাইনেই জিতেছে আর্জেন্টিনা।

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মেসি। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় নিশ্চিত করেন তিনি।

এই ম্যাচেই বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখা পান মেসি। একই সঙ্গে ভেঙেছেন ও ছুঁয়েছেন একাধিক রেকর্ড। তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৯ বছর বয়সের দোরগোড়ায় থাকা মেসি এ ম্যাচে দেশের জার্সিতে ২০০ ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন। আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি আগেই ছিলেন, এই ম্যাচের পর তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। পাশাপাশি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তি গড়েন তিনি, পরে যে রেকর্ডে তার সঙ্গী হন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচ শেষে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো মেসির ভবিষ্যদ্বাণীর গল্প শোনান। হাসতে হাসতে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, মেসি এই ব্যবধানেই জিততে চেয়েছিল। কারণ ম্যাচের আগে সে ৩-০ স্কোরলাইনের কথাই বলেছিল।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102