পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৮ হাজার ৮৩৯ জন বাংলাদেশি হাজি। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪৫টি ফিরতি ফ্লাইটে হাজিদের দেশে আনা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭২টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স ৫২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।
হজ অফিস সূত্র জানায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৪ হাজার ৩২০ জন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।