রাজশাহীর তানোরে চুরি হওয়া একটি তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজের কৌশলগত নেতৃত্বে পরিচালিত অভিযানে এই সাফল্য আসে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলী তার পিতা মো. আব্দুল করিমের তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি চুরির ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা হয়, গত (৩ জুন) রাত ৮টার দিকে বাড়ির উঠানে রাখা ভুটভুটি গাড়িটি অজ্ঞাতনামা চোরচক্র চুরি করে নিয়ে গেছে। পরদিন ভোরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ভুটভুটির কোনো সন্ধান পায়নি।
মামলার পরপরই তানোর থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রাজশাহী জেলার পবা থানার দিঘীর পারিলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তার দেখানো মতে একটি আকাশি রঙের কাঠ ও লোহার সংমিশ্রণে তৈরি চুরি যাওয়া ভুটভুটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর জানান, তিনি ভুটভুটি গাড়িটি তানোর উপজেলার দুবইল গ্রামের জসিম আলীর কাছে থেকে কিনেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের আরেকটি দল অভিযান চালিয়ে জসিম আলীকে গ্রেপ্তার করে। এ সময় জিজ্ঞাসাবাদে জসিম আলী ভুটভুটি গাড়িটি চুরি করে বিক্রির বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার কৃত দুই আসামির বিরুদ্ধে চোরচক্রের সক্রিয় সদস্য হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরো তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তানোর থানা পুলিশের এমন সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন জনসাধারণ গন। তারা বলেন, চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই ভুটভুটি উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করতে পারা পুলিশের দক্ষতা ও আন্তরিকতার প্রমাণ। এই ওসি আসার পর থেকে তানোরে অপরাধীরা ব্যাপক শঙ্কিত হয়ে পড়েছে। ইতিমধ্যে বেশকিছু ঘটনা দ্রুত উদঘাটন করে জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনায় আসেন।