পাকিস্তানের জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের ফেডারেল বাজেট আগামীকাল পেশ করা হবে। আসন্ন এ বাজেটে দেশটির সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করেছে- অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি, প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জনগণের আর্থ-সামাজিক প্রত্যাশা পূরণের জন্য একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা গ্রহণ।
শুক্রবার (১২ জুন) বাজেট পেশ করবেন ফেডারেল অর্থ ও রাজস্ব মন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় রেখে এবারের বাজেটটি প্রণয়ন করা হচ্ছে।
সূত্র জানায়, জনগণের দুর্ভোগ লাঘব, বিভিন্ন খাতের রূপান্তর এবং রপ্তানি বৃদ্ধি—এসবই বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে থাকবে।
প্রস্তাবিত বাজেটে আর্থিক ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ, অনুন্নয়নমূলক ব্যয় হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জনবান্ধব নীতি অন্তর্ভুক্ত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাজেট ঘোষণার প্রস্তুতি প্রায় সম্পন্ন।
এদিকে, প্রাক-বাজেট দলিল ‘পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা’ বৃহস্পতিবার (১১ জুন) প্রকাশ করা হবে। এই সমীক্ষায় বিদায়ী অর্থবছরের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরা হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি বাস্তবসম্মত ভিত্তি প্রদান করা হবে।