বাগেরহাটের ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বাদল মোড়ল (৩৫) নিহত ও আব্দুল্লাহ মোড়ল নামে এক বিএনপি নেতা গুরুতর জখম হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) রাতে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে, হতাহতরা মোটরসাইকেল যোগে বারুইপাড়া থেকে ফকিরহাট যাচ্ছিল। নিয়তির মোড় এলাকায় আসলে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে কৃষক দলের সভাপতি বাদলের মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন এবং আহত বিএনপি নেতা আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছে।