বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শোরুমে ঢুকে হিন্দুত্ববাদীদের তাণ্ডব মুসলিম কর্মচারীদের গায়ে ‘জিহাদি’ স্লিপ সেঁটে দিল বজ্রং জঙ্গিরা পশ্চিমবঙ্গে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ মাত্র ৭ মিনিটে ক্যানসার চিকিৎসা! কেরালায় সতীশনের মন্ত্রিসভায় স্থান পেলেন ৬ মুসলিম সদস্য আমি মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশে জামায়াতিদের অস্বস্তি বেড়েছে: শুভেন্দু ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কে এই মনিরুল ইসলাম মনির চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত “ত্যাগ ও নেতৃত্বে এগিয়ে নাজমুল হাসান, সভাপতি পদে দেখতে চান নেতাকর্মীরা” ভারতে নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম চালু

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন, আসছে ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধিতে ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রমও চলছে। অতি সম্প্রতি ডুবুরিদের সক্ষমতা বাড়াতে ৭২টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেবা প্রদান করছে, যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ কারণে জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। গতি, সেবা ও ত্যাগের মন্ত্রে উজ্জীবিত এ বাহিনীর সদস্যরা দুর্যোগ-দুর্ঘটনা ও সংকটময় মুহূর্তে জনগণের জানমাল রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। বিভিন্ন অগ্নিকাণ্ড ও দুর্যোগে তাদের পেশাদারি মনোভাব, সাহস ও সেবামূলক কার্যক্রম মানুষের আস্থা অর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌযান দুর্ঘটনা মোকাবিলায় এ বাহিনীর সক্ষমতা আরও বাড়বে। এছাড়া ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং পরিকল্পনা অনুযায়ী সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করতে ফায়ার সার্ভিসের অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে।

প্রশিক্ষণের মান উন্নয়নে গজারিয়া এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে ফায়ার সার্ভিসের সক্ষমতা বহুগুণ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সরকার কাজ করছে। সদস্যদের আবাসন সমস্যা সমাধানে ঢাকার মিরপুর ও সদরঘাট এলাকায় দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণের প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। এছাড়া মিরপুরে সদর দপ্তর ভবনের নির্মাণকাজও চলমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে বিভিন্ন সময় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবন উৎসর্গ করেছেন। সর্বশেষ টঙ্গী এলাকার কেমিক্যাল অগ্নিকাণ্ডে তিনজন কর্মী নিহত হয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২৭ হাজার ৫৯টি অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করে ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। এছাড়া ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ২৬৬ জন আহত ও ১ হাজার ৩৮ জন নিহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

একই বছরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ১০ হাজার ৪৮০ জন রোগী পরিবহন, ১৪ হাজার ৯৮৭টি গণসংযোগ কার্যক্রম, ২ হাজার ৭৮টি ভবন সার্ভে এবং ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৩৯ জন নতুন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি এবং ২ লাখ ৫৬ হাজার ১৬৫ জনকে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২০২৫ সালে অপারেশনাল দায়িত্ব পালনকালে এ বাহিনীর তিনজন সদস্য নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়। তাদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পদক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102