রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বগুড়ার ধুনটে ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগে ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসেতকে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, মাওলানা আব্দুল বাসেত দীর্ঘদিন ধরে মাদ্রাসার আবাসিক ছাত্রদের যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে সোমবার নির্যাতনের শিকার এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর কাছে লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার দাবি করে। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। ইউএনও আরিফ উল্লাহ নিজামী ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করেন। বুধবার তদন্ত কমিটির কাছে ভুক্তভোগী শিক্ষার্থীরা জবানবন্দি দেয়। এ সময় মাদ্রাসার মোহতামিমসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

জবানবন্দিতে কয়েকজন শিক্ষার্থী তাদের সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনার বর্ণনা দেয়। তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার মাদ্রাসার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা অভিযুক্ত শিক্ষক আব্দুল বাসেতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীরা বলেন, এমন ঘটনার কারণে মাদ্রাসার পরিবেশ নষ্ট হয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মাদ্রাসার মোহতামিম শহিদুল ইসলাম জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102