বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

শেখ বাকি বিল্লাহ,শরনখোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

দীর্ঘ আট বছর পর অবশেষে নতুন কমিটি পেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বাগেরহাট জেলা শাখা। মঙ্গলবার (১২ মে) মধ্যরাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এ কমিটির অনুমোদনের তথ্য প্রকাশ করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন ঘোষিত কমিটিতে মোল্লা আতিকুর রহমান রাসেলকে সভাপতি, নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক এবং শেখ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নতুন নেতৃত্ব ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানা গেছে, বাগেরহাট জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়েছিল প্রায় আট বছর আগে। এরপর দীর্ঘ সময় নতুন কমিটি না হওয়ায় সাংগঠনিক কার্যক্রম অনেকাংশে স্থবির হয়ে পড়ে বলে অভিযোগ ছিল তৃণমূল নেতাকর্মীদের।

বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কার্যক্রমেও সংগঠনের সক্রিয় উপস্থিতি কমে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি ঘোষণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে এবং জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ইউনিটগুলোকে পুনরায় সক্রিয় করা সম্ভব হবে।

তৃণমূলের নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটি ছাত্রদলকে আরও সুসংগঠিত করবে এবং শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বাগেরহাট জেলা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করছেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102