শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

ভরণপোষণের বকেয়া থাকলে বাতিল হতে পারে পাসপোর্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

সন্তানের ভরণপোষণের অর্থ দীর্ঘদিন বকেয়া রাখা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এখন থেকে উল্লেখযোগ্য পরিমাণ বকেয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব অভিভাবকের সন্তানের খরচ বাবদ ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া রয়েছে, তারা এই ব্যবস্থার আওতায় আসতে পারেন। তবে বিশেষভাবে বড় অঙ্কের বকেয়া থাকা ব্যক্তিদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের আইনে আদালতের নির্দেশ অনুযায়ী এক অভিভাবককে সন্তানের লালন-পালনের জন্য অন্য অভিভাবককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। সাধারণত সন্তানের খাবার, পোশাক, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যয় মেটাতে এই অর্থ ব্যবহার করা হয়।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ফেডারেল আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং পরিবারগুলোর স্বার্থ সুরক্ষার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সন্তানদের প্রতি অভিভাবকদের আইনগত ও নৈতিক দায়িত্ব নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে ভরণপোষণের বকেয়া রয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অর্থ পরিশোধ বা সমঝোতার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, একবার কোনো পাসপোর্ট বাতিল হলে সেটি আর ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না। পাশাপাশি বকেয়া পরিশোধ না করা পর্যন্ত নতুন পাসপোর্ট ইস্যুও বন্ধ থাকবে।

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, শিশুদের কল্যাণ নিশ্চিত করতে এবং ভরণপোষণ সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102