ইরানকে ঘিরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। এর আগে ওয়াশিংটন জানিয়েছিল, প্রস্তাবটি ভোটে গেলে রাশিয়া ও চীন তাতে ভেটো দিতে পারে।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়া-কে বলেন, বর্তমানে আলোচনায় থাকা যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবটি মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়। তাই প্রস্তাবটির সহ-উদ্যোক্তাদের এটি প্রত্যাহার করে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। তার মতে, বর্তমান খসড়ায় ইতিবাচক অগ্রগতির কোনো সুযোগ দেখা যাচ্ছে না।
তিনি আরও জানান, রাশিয়া ও চীনের যৌথভাবে তৈরি আরেকটি খসড়া এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ওই প্রস্তাবে যুদ্ধ বন্ধ, শক্তি প্রয়োগ এড়িয়ে চলা এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আলিমভ বলেন, প্রস্তাবে আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত ইতিবাচক ফল বয়ে আনবে বলে মস্কো আশা করছে। রাশিয়া বরাবরই সহিংসতা বন্ধ এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সমাধানের পক্ষে বলে জানান তিনি।
এ ছাড়া, চলমান সংলাপ ও সমাধান প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন রুশ এই কূটনীতিক।