আসন্ন হজ সামনে রেখে স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, হজে অংশগ্রহণকারীদের নির্ধারিত টিকাগুলো অবশ্যই হজ শুরুর কমপক্ষে ১০ দিন আগে গ্রহণ করতে হবে।
মন্ত্রণালয় জানায়, ভ্যাকসিন গ্রহণই হলো রোগ প্রতিরোধের প্রথম ও সবচেয়ে কার্যকর উপায়, যা হজযাত্রীদের নিরাপদে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করবে। পাশাপাশি এটি শরীরে যথাযথ রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং ঘনবসতিপূর্ণ পরিবেশে সংক্রামক রোগের বিস্তার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশকৃত টিকার মধ্যে রয়েছে মেনিনোকোকাল রোগ, কোভিড-১৯ এবং মৌসুমি ফ্লু’র টিকা। এসব টিকা হজের সময় সম্ভাব্য সংক্রমণ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজে অংশ নিতে সৌদি আরবে সমবেত হন। এই বিশাল জনসমাগমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এ নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।