মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন

কেরালায় বাম দুর্গে হিজাবি মুসলিম তরুণীর বিজয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কেরালার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে বামপন্থিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত পেরামব্রা বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছেন ফাতেমা তাহলিয়া। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এই প্রার্থী সিপিআইর (এম) প্রবীণ নেতা রামকৃষ্ণানকে পরাজিত করে গুরুত্বপূর্ণ এই বিজয় অর্জন করেন।

৩৪ বছর বয়সি ফাতেমা তাহলিয়া মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এই জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন নজির গড়েছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্ররাজনীতির মাধ্যমেই রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পান। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দিয়েছেন এবং পরে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

পেশায় আইনজীবী তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় যুক্ত আছেন।

তবে এই জয় তার জন্য সহজ ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তিনি সাইবার হামলা ও অনলাইন হয়রানির মুখে পড়েন। বিশেষ করে হিজাব পরিহিত একজন তরুণী মুসলিম নারী হিসেবে তার সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। তবুও তিনি সাহসিকতার সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনি লড়াইয়ে বিজয়ী হন।

সব বাধা পেরিয়ে পেরামব্রা আসনে ফাতেমা তাহলিয়ার এই জয় কেরালার রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বামপন্থিদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটিতে এই ফল রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102