রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই সোমালি জলদস্যুর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

ইয়েমেন উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে সোমালিয়ার জলদস্যুরা। শনিবার (২ মে) এমটি ইউরেকা নামের জাহাজটি গালফ অব এডেনের কানা বন্দরের কাছে জলদস্যুদের কবলে পড়ে। ইয়েমেনের কোস্টগার্ডও বিষয়টি নিশ্চিত করেছে।

এটি ১০ দিনের মধ্যে একই এলাকায় দ্বিতীয় তেলবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা। এর আগে ২২ এপ্রিল অনর ২৫ নামের একটি জাহাজ ছিনতাই হয়েছিল, যা মোগাদিশুতে ১৮,৫০০ ব্যারেল তেল নিয়ে যাচ্ছিল। ২০২৪ সালে সোমালিয়ান জলদস্যুরা ছিনতাই করেছিলেন বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্তল্যান্ড অঞ্চলের তিনজন পৃথক নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানান, জলদস্যুরা গালফ অব এডেনের তীরে অবস্থিত কান্দালা শহরের কাছে একটি দুর্গম উপকূলীয় এলাকা থেকে যাত্রা শুরু করেছিল। একজন বলেন, ‘জলদস্যুদের চলমান দস্যুতা অনেকের ধারণার চেয়েও ভয়াবহ। উপকূলজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর গতিবিধি বাড়ছে।’

ইউরেকা জাহাজটি পশ্চিম আফ্রিকার দেশ টোগোর পতাকা বহন করছিল। এটি ইয়েমেন ও সোমালিয়ার মধ্যবর্তী গালফ অব এডেন দিয়ে সোমালিয়ার জলসীমার দিকে যাচ্ছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রান্সপোর্টেশন অপারেশন (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের আল-মুকালার কাছে একটি বাল্ক ক্যারিয়ারের দিকে একটি ছোট নৌকায় থাকা ‘সশস্ত্র ব্যক্তিরা’ এগিয়ে আসেন। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ওই সশস্ত্র ব্যক্তিরা কালুয়ুলা (আলুলা) নামের একটি উপকূলীয় মাছ ধরার শহরের কাছ থেকে যাত্রা শুরু করেছিল, যা ইউরেকা ছিনতাইয়ের স্থান থেকে প্রায় ২০৯ কিলোমিটার দূরে। দখলের পর জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যায় বলে জানা যায়।

সোমালিয়া কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনী (ইইউএনএভিএফওআর) সোমালিয়া উপকূলে জলদস্যুতা দমনে কাজ করে। তারা এখনও এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102