বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

রাজশাহীতে পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর আসামি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়েরকৃত মামলায় দীর্ঘ প্রায় দুই বছর পলাতক থাকার পর ওয়ারেন্টভুক্ত আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে (৩০) গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

জানা গেছে, পাভেল মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা এবং নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. হাবিবুর রহমান রাজশাহী মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। ২০২৪ সালের ১০ আগস্ট একটি অজ্ঞাত নম্বর থেকে মেসেজ দিয়ে তাকে জানানো হয় যে, তার নামে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও অভিযোগ রয়েছে। এরপর ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে তাকে ডেকে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

​বাদী এজাহারে উল্লেখ করেন, প্রাণনাশের ভয়ে সেদিন তিনি আসামিদের নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে পুনরায় টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দেন। সর্বশেষ ২৯ অক্টোবর দুপুর ২টার দিকে আদালত কক্ষের ভেতরেই আসামিরা তাকে পুনরায় টাকার জন্য চাপ দেয় এবং টাকা না দিলে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়।

​বিষয়টি নিয়ে পেশকার হাবিবুর রহমান রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা (মামলা নং-২৪) রুজু করে।

মামলায় পাভেল ছাড়াও রাজপাড়া এলাকার মো. লালুসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছিল। তবে তদন্ত শেষে মামলার চার্জশিটে অজ্ঞাতদের নাম বাদ দিয়ে শুধু পাভেল ও লালুকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

​রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পাওয়ার পর ২০২৪ সালের ২৯ অক্টোবর মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। ঘটনার পর থেকেই আসামি পাভেল আত্মগোপনে ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বুধবার (২৯ এপ্রিল) তাকে আটক করে পুলিশ। আটককৃত পাভেলকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102