ইরান–সমর্থিত ইরাকের একটি মিলিশিয়া গোষ্ঠীর প্রধানের খোঁজ দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা নামের গোষ্ঠীর এ নেতার বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হাশিম ফিনিয়ান রহিম আল-সরাজি ওই মিলিশিয়া গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন। তার দলের বিরুদ্ধে ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা ও ইরাকে থাকা মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া ইরাক এবং সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ওপর হামলার পেছনেও কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদাকে দায়ী করেছে ওয়াশিংটন।
২০১৪ সালে মসুলের পতনের পর ইরাকে স্বেচ্ছাসেবক বাহিনীগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ গঠিত হয়, যারা আইএসকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরাকের এমন বেশ কিছু ইরান–সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা অন্যতম।