নোয়াখালীতে কারাগারে বসে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করেছে মাহবুব এলাহী রাজন (১৫) নামে এক শিক্ষার্থী। হত্যা মামলার আসামি এই কিশোর বন্দি অবস্থাতেই গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে তার এসএসসি পরীক্ষা শুরু হয়।
রাজন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং তিনি নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। মামলায় জড়িত হওয়ার পর প্রথমে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরে তার আবেদন বিবেচনায় নিয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেন। আদালতের বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরেই তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
তার নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জেলা স্কুল হলেও নিরাপত্তা ও আইনি প্রক্রিয়ার কারণে কারাগারের ভেতরেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হচ্ছে, যা জেলা স্কুল কেন্দ্রের অধীনেই পরিচালিত হচ্ছে।
নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক বলেন, গাজীপুর কিশোর সংশোধনাগারে থাকা হত্যা মামলার আসামি রাজনকে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। বাকি পরীক্ষাগুলোও একই প্রক্রিয়ায় কারাগারে নেওয়া হবে।
উল্লেখ্য, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে।